Tuesday, December 25, 2012

সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে না

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাইছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে না।’
রাজধানীর গাবতলীর বিউটি সিনেমা হলের মাঠে (এস এ খালেকের মাঠ) আজ বুধবার গণসংযোগ কর্মসূচির প্রথম পথসভায় খালেদা জিয়া এ কথা বলেন।
পথসভায় বিএনপির চেয়ারপারসন বলেন, এ সরকার পুরো মেয়াদ শেষ করুক, তাতে বিএনপির আপত্তি নেই। কিন্তু তার আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে এনে তা পাস করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
যুবসমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘তোমাদের জাগতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না। তোমাদের ভবিষ্যতের পথ সুন্দর করতে আমরা রাস্তায় নেমেছি। ঘরে বসে থাকলে ধুঁকে ধুঁকে মরতে হবে।’
১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ভাষণে বেশ কয়েকবার যুবসমাজকে জেগে ওঠার আহ্বান জানান খালেদা জিয়া।
যুদ্ধাপরাধীদের সুবিচার ও স্বচ্ছ বিচারের দাবি জানান বিএনপির চেয়ারপারসন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘যাঁরা সত্যিকারের যুদ্ধাপরাধী, যাঁরা আপনার আত্মীয়স্বজন, যাঁরা আপনার দলে আছেন, তাঁদেরও বিচার করেন।’
খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দমনপীড়ন চালাচ্ছে। কিন্তু নিজেদের দলের সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বিএনপির চেয়ারপারসন বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর দলীয় নেতা-কর্মীদের যেসব মামলা প্রত্যাহার করে নিয়েছে, এগুলো আগামীতে মূল্যায়ন করা হবে।
গাবতলীর কর্মসূচি শেষে কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, সবুজবাগ ও ভাটারায় পথসভায় বক্তব্য দেবেন তিনি।
এক ঘণ্টা পিছিয়ে: আজ সকাল ১০টায় রাজধানীর গাবতলী থেকে খালেদা জিয়ার কর্মসূচি শুরু করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে গণসংযোগ কর্মসূচি এক ঘণ্টা পেছানো হয়। বেলা ১১টার দিকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন খালেদা জিয়া। পথসভা উপলক্ষে ১৮ দলের নেতা-কর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে সেখানে জড়ো হন। তাঁরা মঞ্চে বক্তব্য রাখেন।
যুদ্ধাপরাধীদের পক্ষে জামায়াত: এদিকে গাবতলী যাওয়ার সড়কের পাশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাস্তার ধারে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ ও দলটির গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার বহন করছেন ও স্লোগান দিচ্ছেন।
গাবতলী এলাকায় যানজট: গাবতলী এলাকার সড়কে আজ স্বাভাবিকের চেয়ে যান চলাচল কম। কর্মসূচির কারণে গাবতলী দিয়ে ঢাকায় কোনো গাড়ি ঢুকছে না। তার পরও ওই এলাকার সড়কে যানজট লেগে আছে।
গত ৯ ডিসেম্বরের অবরোধে গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হন। এর প্রতিবাদে ১৩ ডিসেম্বর অর্ধদিবস হরতাল শেষে আজকের কর্মসূচি ঘোষণা করা হয়।

No comments:

Post a Comment